শিক্ষক শিক্ষার রূপান্তর: মূল অধিবেশনের মূলসুর

IGNOU - তে অনুষ্ঠিত prof. G.Ram Reddy স্মারক আলোচনা । ৩১তম স্মারক আলোচনায় বক্তৃতার মূল প্রতিপাদ্য বিষয় ছিল 'ইগনু-র শিক্ষক শিক্ষা উদ্যোগ এবং ভারতীয় শিক্ষা পরিমণ্ডলে রূপান্তরমূলক পরিবর্তন' (Teacher Education Initiatives of IGNOU and Transformative Changes in the Indian Education Scenario)। মূল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন ভারত সরকারের শিক্ষামন্ত্রকের অন্তর্গত জাতীয় শিক্ষক শিক্ষা পরিষদ (NCTE)-এর চেয়ারপার্সন প্রো. পঙ্কজ অরোরা। দিল্লি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ২৭ বছরেরও বেশি সময় ধরে অধ্যাপনার অভিজ্ঞতা সম্পন্ন এবং ৯টি আকর গ্রন্থের প্রণেতা prof. অরোরা তাঁর বক্তব্যে ভারতের বর্তমান শিক্ষক শিক্ষণ কাঠামোর গুণগত পরিবর্তনের ওপর বিশেষ জোর দেন।

২ জুলাই, ২০২৬ বৃহস্পতিবার সকাল ১১টায় নয়া দিল্লির ইগনু-র বাবা সাহেব আম্বেদকর কনভেনশন সেন্টারে এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের সূচনা হয়। এই অনুষ্ঠানে শিক্ষাবিদ, নীতিনির্ধারক এবং ইগনু পরিবারের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের মূল স্মারক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার ওয়াসান উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপ-উপাচার্য এবং দিশা গ্লোবাল ট্রাস্টের চেয়ারপার্সন প্রো. মোহনদাস বি. মেনন। উচ্চশিক্ষা ও দূরশিক্ষণ ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে দীর্ঘ চার দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা সম্পন্ন এই বিশিষ্ট ব্যক্তিত্ব ইগনু-র বিভিন্ন সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। সমগ্র অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ইগনু-র বর্তমান উপাচার্য প্রো. উমা কাঞ্জিলাল।

নয়া দিল্লির পাশাপাশি কলকাতাতেও সম্প্রচারিত হল অনুষ্ঠানটি

নয়া দিল্লির মূল অনুষ্ঠানের পাশাপাশি সারা দেশের আঞ্চলিক কেন্দ্রগুলিতেও এই স্মারক বক্তৃতা সরাসরি সম্প্রচারের বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। সেই ধারাবাহিকতায়, ইগনু কলকাতা আঞ্চলিক কেন্দ্রেও আঞ্চলিক অধিকর্তা (Regional Director) ডঃ সুজাতা দত্ত হাজারিকার দক্ষ নেতৃত্বে এই গৌরবময় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত (Live Webcast) হয়। কলকাতা কেন্দ্রের অনুষদ সদস্য, শিক্ষাকর্মী এবং বহুসংখ্যক গবেষক ও শিক্ষার্থী অত্যন্ত উৎসাহের সঙ্গে এই লাইভ স্ট্রিমিংয়ে যুক্ত হয়ে দিল্লির মূল অধিবেশন ও আলোচনা চক্রের বৌদ্ধিক অংশীদার হন। অনুষ্ঠান শেষে ডঃ সুজাতা দত্ত হাজারিকা জানান, প্রো. জি. রাম রেড্ডির উন্মুক্ত ও দূরশিক্ষণ ব্যবস্থার যে কালজয়ী স্বপ্ন, তা বাংলার প্রতিটি প্রান্তে ছড়িয়ে দিতে এবং বর্তমান জাতীয় শিক্ষানীতির আলোকে শিক্ষক শিক্ষার নতুন উদ্যোগগুলিকে সফল করতে কলকাতা আঞ্চলিক কেন্দ্র সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে চলেছে।

উন্মুক্ত শিক্ষার জনক prof. G.Ram Reddy র কালজয়ী অবদান

prof. G.Ram Reddy ছিলেন ভারতের প্রথম উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অন্ধ্রপ্রদেশ ওপেন ইউনিভার্সিটি এবং পরবর্তীকালে ইগনু (IGNOU)-এর দূরদর্শী রূপকার। হায়দ্রাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয় এবং বিশ্বখ্যাত লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের এই প্রাক্তনী উচ্চশিক্ষাকে দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আজীবন কাজ করে গেছেন। তিনি ইউজিসি (UGC) এবং আইসিএসএসআর (ICSSR)-এর মতো দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবেও অসামান্য দায়িত্ব পালন করেছেন। সহকর্মীদের কাছে অত্যন্ত প্রিয় ও 'অজাতশত্রু' হিসেবে পরিচিত এই মহান শিক্ষাবিদের চিরন্তন আদর্শ ও ওডিএল (ODL) আন্দোলনে তাঁর অবদানকে স্মরণ করতেই প্রতি বছর ইগনু প্রাঙ্গণে এই মর্যাদাপূর্ণ স্মারক বক্তৃতার আয়োজন করা হয়ে থাকে

উচ্চপর্যায়ের আলোচনা চক্র ও শিক্ষাবিদদের ভাবনা

সকালের মূল পর্বের পর, দুপুর ২:৩০ মিনিট থেকে শুরু হয় একটি বিশেষ উচ্চপর্যায়ের আলোচনা চক্র (ভোজনোপরান্ত অধিবেশন)। এই বিশেষ অধিবেশনটির সভাপতিত্ব করেন নয়াদিল্লির রাষ্ট্রীয় শিক্ষাগত যোজনা ও প্রশাসন সংস্থান (NIEPA)-এর উপাচার্য প্রো. শশীকলা ওয়াঞ্জারি। আলোচনা চক্রে দেশের শিক্ষাব্যবস্থার ভবিষ্যৎ রূপরেখা নিয়ে অত্যন্ত মূল্যবান ও গঠনমূলক বক্তব্য পেশ করেন তিন জন বিশিষ্ট চিন্তাবিদ:

১. আইআইটি বোম্বে-র বিশিষ্ট অতিথি অধ্যাপক এবং NIEPA-এর প্রাক্তন উপাচার্য প্রো. এন. ভি. ভার্গিস।

২. গুজরাটের এম.এস.ইউ (MSU), ভোদোদরার শিক্ষামূলক প্রশাসন বিভাগের প্রধান প্রো. কারণম পুষ্পনাধম।

৩. হরিয়ানা রাজ্য উচ্চ শিক্ষা পরিষদের চেয়ারপার্সন প্রো. কৈলাশ চন্দ্র শর্মা।

ইগনু-র উপাচার্য প্রো. উমা কাঞ্জিলাল বিশ্ববিদ্যালয়ের সমস্ত অনুষদ সদস্য, শিক্ষাকর্মী, প্রশাসনিক আধিকারিক এবং বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রের কর্মীদের এই গৌরবময় শিক্ষাবৃত্তে সক্রিয় অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। উপস্থিত শিক্ষাবিদদের মতে, আজকের এই স্মারক বক্তৃতা ও আলোচনা থেকে উঠে আসা নির্যাস আগামী দিনে ভারতের জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন এবং উন্মুক্ত শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণে এক নতুন মাইলফলক হয়ে থাকবে।

Democratic Indians Premium